Amarpur Journalist News : অমরপুর মহকুমার অন্তর্গত বীরবল দাসপাড়া এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় এক পরিবার দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। প্রতিনিয়ত ওই পরিবারের সদস্যরা নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় অশান্তি সৃষ্টি করে চলেছে। নেশার ঘোরে তারা প্রায়শই অন্যের বাড়ির সামনে গাড়ি রেখে যায়, যার ফলে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের মতো গাড়ি এলাকায় ঢুকতে পারে না। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা।
সোমবার রাতে এমনই একটি ঘটনার সূত্র ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকাবাসীরা অসহায় হয়ে খবর দেন এক সংবাদ মাধ্যম ও থানার কর্মকর্তাদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সংবাদ প্রতিনিধি ও পুলিশ। কিন্তু তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত পরিবারের ছোট ছেলে সাংবাদিকের ক্যামেরা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ওই যুবককে আটক করে অমরপুর বীরগঞ্জ থানায় নিয়ে যায়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রতিবেশীদের অভিযোগ, ওই যুবক প্রতিনিয়ত নেশার ঘোরে বাইক নিয়ে দ্রুতগতিতে ঘোরাফেরা করে এবং প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় মহল প্রশ্ন তুলেছে—এই ধরনের নেশাগ্রস্ত পরিবারগুলোকে নিয়ন্ত্রণে আনতে প্রশাসন এতদিন কী পদক্ষেপ নিয়েছে? সাংবাদিকের উপর হামলার ঘটনাকে আক্রমণ স্বাধীন গণমাধ্যমের উপর এক প্রকার হুমকি হিসেবেই দেখা হচ্ছে।
এলাকাবাসী দাবি তুলেছেন, অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এলাকায় নেশার আখড়াগুলি নির্মূলের জন্য প্রশাসনের তরফে বিশেষ অভিযান চালানো হোক। না হলে, অমরপুরের মতো শান্ত এলাকা আরও অশান্ত হয়ে উঠবে বলে আশঙ্কা স্থানীয়দের।



