Agartala Najrul Kalakshetra : কৃতী ও মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হলো আগরতলায়। সমাজকল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।
আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃতী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে স্থানাধিকারী শিক্ষার্থীদের পাশাপাশি জেলার অন্তর্গত ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম বিভাগে উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদেরও মেধা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বজিৎ শীলসহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কৃতী শিক্ষার্থীদের অভিভাবক এবং পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানান। পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে সমাজ ও রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। মেধাবী ছাত্রছাত্রীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এই ধরনের উদ্যোগ অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে মেধা পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। তাঁদের অভিভাবকরাও এই উদ্যোগের জন্য সমাজকল্যাণ দপ্তর ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহ দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। মেধাবী ছাত্রছাত্রীরা আগামী দিনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং রাজ্যের নাম উজ্জ্বল করবে—এই প্রত্যাশাই উঠে আসে অনুষ্ঠানে।






