খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 17 November 2026 - 04:57 AM
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ - ০৪:৫৭ পূর্বাহ্ণ

Kailasahar CPIM News : ভোটের আগেই কৈলাসহরে রাজনৈতিক অশান্তি! রাতের আঁধারে প্রচারসজ্জায় হামলার অভিযোগ

Kailasahar CPIM News
1 minute read

Kailasahar CPIM News : পুরসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে কৈলাসহরের রাজনৈতিক পরিস্থিতি। এবার রাতের অন্ধকারে নির্বাচনী প্রচারসজ্জা ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়াল শহরজুড়ে। অভিযোগ, একদল বহিরাগত যুবক রাতের আঁধারে বিভিন্ন এলাকায় সিপিআই(এম)-এর পতাকা ও ফেস্টুন ছিঁড়ে নষ্ট করে দেয়। এমনকি বিজেপির কয়েকটি ফেস্টুনও ফেলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সরাসরি থানার সামনে বিক্ষোভে শামিল হলেন সিপিআই(এম) কর্মী-সমর্থকরা।

ঘটনাটি রবিবার রাত প্রায় ১১টা নাগাদ। অভিযোগ, কৈলাসহরের কাজিরগাঁও, মোহনপুর এবং লক্ষ্মীছড়ার বাঁধ সংলগ্ন এলাকায় একাধিক জায়গায় নির্বাচনী প্রচারসজ্জা নষ্ট করা হয়। সিপিআই(এম) নেতৃত্বের দাবি, পুরসভার ২, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে দলের পতাকা, ফেস্টুন-সহ বিভিন্ন প্রচারসামগ্রীর ব্যাপক ক্ষতি করা হয়েছে। নির্বাচনের মুখে পরিকল্পিতভাবে বিরোধীদের প্রচারে বাধা সৃষ্টি করতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই ঘটনার পিছনে বহিরাগত যুবকদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। তাঁর আরও অভিযোগ, স্থানীয় এক যুবকের সহযোগিতায় বহিরাগতরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই ভাঙচুর চালিয়েছে।

ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে কৈলাসহর থানায় জড়ো হন সিপিআই(এম) কর্মী-সমর্থকরা। থানার সামনে চলে বিক্ষোভ। পরবর্তীতে থানার সামনের মূল সড়ক অবরোধ করে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল থানার ওসির হাতে লিখিত অভিযোগ তুলে দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

ভোটের আগে এভাবে রাজনৈতিক দলগুলির প্রচারসজ্জা ভাঙচুরের অভিযোগে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নির্বাচনী পরিবেশের নিরাপত্তা নিয়ে। প্রচারের অধিকারটুকুও যদি সুরক্ষিত না থাকে, তাহলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন কতটা সম্ভব ? এখন দেখার, প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং নির্বাচনের আগে কৈলাসহরে রাজনৈতিক উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে কী ভূমিকা নেয়।

For All Latest Updates

খাস খবর