খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 31 October 2026 - 03:37 PM
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ - ০৩:৩৭ অপরাহ্ণ

Melaghar Churi News : মেলাঘরে গোয়ালঘর থেকে গাভী ও বাছুর চুরি, দিশেহারা কৃষক পরিবার

Melaghar Churi News
1 minute read

Melaghar Churi News : রাজ্যের বিভিন্ন প্রান্তে চুরির ঘটনা নতুন নয়। তবে দীর্ঘ ১৫-২০ বছর পর সিপাহিজলা জেলার মেলাঘরে গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে রাস্তার পাশে অবস্থিত গোয়ালঘর থেকে একটি গাভী ও তার বাছুর চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন গরুর মালিক মনির হোসেন।

ঘটনাটি মেলাঘর কলমখেত পঞ্চায়েত সংলগ্ন এলাকার। পেশায় সাধারণ কৃষক মনির হোসেনের সংসার চলে মূলত গবাদি পশু পালন করে। জানা গেছে, গত ১৫ থেকে ২০ বছরে এই এলাকায় গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা ঘটেনি। সেই কারণেই নিরাপত্তার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করেননি তিনি।

অভিযোগ, গতকাল গভীর রাতে আনুমানিক দুইটা নাগাদ গোয়ালঘরে গিয়ে মনির হোসেন দেখেন, সেখানে তাঁর গাভী ও বাছুরটি নেই। প্রায় ৩০ হাজার টাকা বাজারমূল্যের বাছুরসহ গাভীটি চুরি হয়ে যাওয়ায় রাত থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও গরু দুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

গরুর মালিকের অভিযোগ, সম্প্রতি এলাকায় নেশার কারবার ও নেশার আস্তানার সংখ্যা বেড়েছে। প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে নেশাকারবারিদের যাতায়াত লক্ষ্য করা যায়। তাঁর সন্দেহ, এই চুরির ঘটনার সঙ্গে নেশাকারবারিরা জড়িত থাকতে পারে।

এদিকে গরু হারিয়ে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছে কৃষক পরিবারটি। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, রাতের বেলা পুলিশের টহলদারি বাড়ানো এবং চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক। পাশাপাশি চুরি যাওয়া গরু উদ্ধার ও এলাকায় নেশার কারবার বন্ধে প্রশাসনকে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

For All Latest Updates

খাস খবর