খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 31 October 2026 - 03:37 PM
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ - ০৩:৩৭ অপরাহ্ণ

AMC Election 2026 : পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে বামেরা, আগরতলায় সরব মিছিল

AMC Election 2026
1 minute read

AMC Election 2026 : ঘোষণা হয়ে গেল ত্রিপুরার পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণের সভাগৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেন। ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর আগরতলা পুর নিগম-সহ রাজ্যের সমস্ত পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরপরই রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠল বাম শিবির। বৃহস্পতিবার সন্ধ্যাতেই আগরতলা শহরে এক সরব মিছিলের আয়োজন করে বামেরা। মিছিলে উপস্থিত ছিলেন বাম নেতা অমল চক্রবর্তী, বিধায়ক সুদীপ সরকার-সহ সদর শহর এলাকার অসংখ্য বাম কর্মী ও সমর্থক।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। এদিনের কর্মসূচি থেকে আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডে বাম মনোনীত প্রার্থীদের জয়ী করার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান বাম নেতৃত্ব। পাশাপাশি আগামী দিনে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা হবে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। তবে আসন সমঝোতা হলে বিজেপি বিরোধী সমস্ত প্রার্থীর জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দিয়েছে বাম শিবির।

এদিন মিছিল থেকে বাম নেতা অমল চক্রবর্তী বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর দাবি, আগরতলাবাসী বর্তমান সরকারের পরিবর্তন চাইছেন। গত পাঁচ বছরে আগরতলা পুর নিগমের পরিচালনায় নাগরিক পরিষেবা ও উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কতটা বাস্তবায়িত হয়েছে, আসন্ন নির্বাচনে ভোটাররা তারই জবাব দেবেন।

মিছিল চলাকালীন রাস্তার পাশে থাকা বহু মানুষ হাত নেড়ে বাম কর্মী-সমর্থকদের উৎসাহিত করেছেন বলে দাবি করেন বাম নেতৃত্ব। আসন্ন পুর নির্বাচনে সাধারণ মানুষ বিজেপিকে ভোটের মাধ্যমে যোগ্য জবাব দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
সব মিলিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই আগরতলার রাজনৈতিক ময়দানে প্রচারের সুর চড়াতে শুরু করেছে বাম শিবির। আগামী দিনে প্রার্থী ঘোষণা, আসন সমঝোতা এবং নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে পুর নির্বাচনের লড়াই আরও জমে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

For All Latest Updates

খাস খবর