TET Protest News : চাকরির দাবিতে ফের আন্দোলনে নামলেন টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাঁদের জোরপূর্বক টেনেহিঁচড়ে গাড়িতে তুলে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা টেট উত্তীর্ণ যুবক-যুবতীরা নিজেদের চাকরির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নিজেদের দাবি প্রশাসনের কাছে তুলে ধরতেই সেখানে জমায়েত হয়েছিলেন তাঁরা। কিন্তু বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাঁদের আন্দোলনস্থল থেকে সরিয়ে দিতে জোরপ্রয়োগ করে। একের পর এক আন্দোলনকারীকে টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। পরে তাঁদের এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়।এই সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। আন্দোলনকারীদের আরও অভিযোগ, তাঁদের লাথি মারা হয়েছে এবং পুলিশের মারধরে বহু যুবক-যুবতী আহত হয়েছেন। পুলিশের এমন আচরণকে বর্বর বলে আখ্যা দিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা।
আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে চাকরির আশায় অপেক্ষা করছেন তাঁরা। নিয়োগের দাবিতে গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে গিয়ে কেন তাঁদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা ভবন চত্বরের পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুলিশের এহেন আচরন নিয়েও তীব্র সমালোচনা হচ্ছে। এদিকে নিয়োগ নিয়ে সরকারের ইতিবাচক ভূমিকা নেই বলেও অভিযোগ উঠছে।






