খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 23 October 2026 - 10:49 PM
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ - ১০:৪৯ অপরাহ্ণ

Ranjit Debbarma Twipra Motha : নিরাপত্তা রক্ষিদের বারবার অপসারন, শহর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রউনা হলেন বিধায়ক রণজিৎ দেববর্মা

Ranjit Debbarma Twipra Motha
1 minute read

Ranjit Debbarma Twipra Motha : ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে গাফিলতি ও উদাসীনতার অভিযোগ তুললেন বিধায়ক রণজিৎ দেববর্মা। দীর্ঘদিন ধরে তাঁর পার্সোনাল সিকিউরিটি অফিসার (পিএসও) বারবার পরিবর্তন করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের মহানির্দেশককে চিঠি দিলেও কোনও কার্যকর জবাব পাননি বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার সাংবাদিক সম্মেলন করে রণজিৎ দেববর্মা জানান, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পিএসওদের তিনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি শহরে নিরাপত্তার অভাবের কথা উল্লেখ করে নিজের গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

বিজয়া উৎসবের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক সম্মেলনের শুরুতে বিধায়ক বলেন, বিধায়ক হওয়ার পর গত প্রায় সাড়ে চার বছর ধরে তাঁর নিরাপত্তারক্ষীদের বারবার পরিবর্তন করা হচ্ছে। কখনও পিএসও প্রত্যাহার করা হচ্ছে, আবার নতুন পিএসও নিয়োগ করা হচ্ছে। তাঁর অভিযোগ, এভাবে তাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রণজিৎ দেববর্মার দাবি, গত বছরের অক্টোবর মাসে দুর্গাপুজোর আগে তাঁকে না জানিয়ে এবং কোনও লিখিত নির্দেশ বা আনুষ্ঠানিক চিঠি ছাড়াই তাঁর একজন পিএসওকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিয়ে গত ১৩ অক্টোবর পুলিশ নিরাপত্তা বিভাগের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দেন তিনি। সেই চিঠির অনুলিপি মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছেও পাঠানো হয়েছিল বলে জানান বিধায়ক। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনও উত্তর পাননি বলে তাঁর অভিযোগ।

নিরাপত্তা বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তনের দাবি জানিয়েও একাধিকবার চিঠি দিয়েছেন বলে জানান তিনি। এমনকী পিএসও পরিবর্তনের কারণ জানতে চাইলে নিরাপত্তা সংক্রান্ত বিষয় হওয়ায় সেই কারণ তাঁকে জানানোর প্রয়োজন নেই—এমন বক্তব্য পেয়েছেন বলেও দাবি করেন বিধায়ক।

রণজিৎ দেববর্মা আরও দাবি করেন, রাজ্যের অনেক বিধায়কের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে পিএসও পরিবর্তন না হলেও তাঁর ক্ষেত্রে বারবার নিরাপত্তারক্ষী বদল করা হচ্ছে। তিপ্রা মথার কয়েকজন সাংসদ ও বিধায়কসহ আরও কয়েকজন জনপ্রতিনিধির ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এই পরিস্থিতিতে উপজাতি জনপ্রতিনিধিদের প্রতি কোনও বৈষম্যমূলক মনোভাব কাজ করছে কি না, সেই প্রশ্নও তোলেন রণজিৎ দেববর্মা। তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত কোনও অভিযোগ না তুলে এর প্রকৃত কারণ প্রকাশ্যে আনার দাবি জানান তিনি।

বিধায়ক স্পষ্ট করেন, তাঁর কোনও পিএসওর বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ নেই। কোনও নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে বা তাঁর আচরণে সমস্যা দেখা দিলে পরিবর্তনে আপত্তি থাকত না। কিন্তু কোনও অভিযোগ ছাড়াই তাঁকে না জানিয়ে বারবার পিএসও পরিবর্তন করা হচ্ছে কেন, সেই প্রশ্নের উত্তর চান তিনি।

শহরে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে অংশ নিতে হয় বলে নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলেও জানান বিধায়ক। তবে বর্তমান পরিস্থিতিতে শহরে না থেকে নিজের গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেখান থেকেই সাংগঠনিক ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান।

একই সঙ্গে জনগণের প্রতি আস্থা প্রকাশ করে রণজিৎ দেববর্মা বলেন, তিনি জনগণের মধ্য থেকেই উঠে এসেছেন। তাই নিজের নিরাপত্তার বিষয়টিও জনগণের ওপর ছেড়ে দিতে চান। জনগণ তাঁর নিরাপত্তার দায়িত্ব নেবেন—এই বিশ্বাস রয়েছে তাঁর।

পুলিশ প্রশাসনের কিছু আধিকারিক সরকারের অভ্যন্তরে বিরূপ পরিস্থিতি তৈরি করছেন কি না, তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার কাছে আবেদন জানান বিধায়ক। তাঁর অভিযোগ, কোনও কোনও আধিকারিকের কর্মকাণ্ডের ফলে সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিরোধ বা ষড়যন্ত্রের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান তিনি।


বিধায়কের প্রকাশ্য অভিযোগকে ঘিরে রাজ্যের জনপ্রতিনিধিদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা শুরু হয়েছে।

For All Latest Updates

খাস খবর