Muktadhara West Ps Meeting : নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুজো কমিটিগুলিকে পুলিশের বার্তা
শারদ উৎসবকে সামনে রেখে দুর্গাপূজা থেকে কালীপূজা পর্যন্ত আগরতলা শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উৎসবের পরিবেশ সুষ্ঠু রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। মঙ্গলবার আগরতলার মুক্তধারা হলে আগরতলা পশ্চিম থানার উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে পশ্চিম থানা এলাকার বিভিন্ন দুর্গাপূজা ও কালীপূজা কমিটির কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উৎসবের দিনগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুজোর দিনগুলিতে শহরের বিভিন্ন মণ্ডপে বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জরুরি পরিষেবার যানবাহন চলাচলে যাতে কোনও সমস্যা না হয়, সে বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মণ্ডপ এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে নিয়ম মেনে উৎসব পরিচালনার পাশাপাশি যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়। পুজো কমিটি, পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বয় বজায় রাখার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পশ্চিম থানার ওসি সনজিত সেন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। গোটা বিষয় নিয়ে এসডিপিও পান্নালাল সেন জানান, উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পুজো কমিটি ও সাধারণ মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শারদ উৎসব সম্পন্ন করার উপর জোর দেন তিনি।






