খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 29 September 2026 - 04:36 AM
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৪:৩৬ পূর্বাহ্ণ

CM Dr Manik Saha : মোদির নেতৃত্বে স্থিতিশীলতার মধ্য দিয়ে দেশ উন্নয়নের পথে এগোচ্ছে বললেন মুখ্যমন্ত্রী

CM Dr Manik Saha
1 minute read

CM Dr Manik Saha : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেবা ও সুশাসনের মধ্য দিয়ে দেশের মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছেন। তিনি দেশবাসীর দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারেন বলেই বিভিন্ন পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে কোটি কোটি মানুষকে দারিদ্র্যের কবল থেকে মুক্ত করেছেন। ১২ বছর আগেও দেশে অস্থিরতা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে বর্তমানে আমাদের দেশ স্থিতিশীলতার মধ্য দিয়ে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। সোমবার মহারাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও ১৭ অক্টোবর পর্যন্ত একমাসব্যাপী সেবা সংকল্প অভিযান চলছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত সারা দেশে প্রায় ২৫ কোটি মানুষকে তিনি দারিদ্র্যসীমার উপরে নিয়ে এসেছেন। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে গ্যাসের সংযোগ, বিশুদ্ধ পানীয়জল, শৌচাগার, স্বাস্থ্যবীমা প্রকল্প, কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং মানুষের আস্থা নিয়েই রাজ্য সরকার কাজ করে চলেছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রায় ১০০ শতাংশ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী রক্তদান ও বস্ত্রদান শিবির আয়োজনের প্রশংসা করে বলেন, রক্তদান হলো সবচেয়ে মহৎ সেবা। এই উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের বিভিন্ন বাজারে সুস্থ পরিবেশ সৃষ্টি হয়েছে। বাজারগুলির উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। রাজ্যে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। রাজ্য সরকার কোনও ধরনের অনৈতিক কাজকে প্রশ্রয় দিচ্ছে না। মহারাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ীদের সুবিধার জন্য প্রায় ৩০ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক মৎস্য বাজার নির্মাণের কাজ চলছে। ব্যবসায়ীদের কল্যাণেও রাজ্য সরকার ভবিষ্যতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, আগরতলার ১০টি বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। তিনি মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান শিবিরের আয়োজন করার জন্য তাদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ত ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত, পুরনিগমের কমিশনার সাজু বাহিদ এ, মহারাজগঞ্জ মৎস্য বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক ভবতোষ দাস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহারাজগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সুধীর দাস। মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য ৫০ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কয়েকজন মহিলার হাতে বস্ত্র তুলে দেন। তিনি রক্তদাতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হরেন্দ্র দাস।

For All Latest Updates

খাস খবর