Blue Lotus Club News : গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ভাবনায় এবার দুর্গাপুজোর আয়োজন করতে চলেছে ৯ বনমালিপুরের অন্যতম প্রাচীন ক্লাব ব্লু লোটাস। প্রতিবছরের মতো এ বছরও সারম্বরে দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে ক্লাবের উদ্যোগে।
শুক্রবার খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল এবারের পুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি। শুক্রবার বেলা ১১টায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হয় খুঁটি পুজো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি নবেন্দু ভট্টাচার্য, পুজো কমিটির সভাপতি শিবশংকর সেন, সম্পাদক কাজল সূত্রধর, ক্লাব কনভেনার কিশাঞ্জিত কর্মকার-সহ এলাকার মহিলা ও ক্লাবের সদস্যরা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর প্রস্তুতির শুভ সূচনা হয়।
উদ্যোক্তাদের বক্তব্য, এবারের দুর্গাপুজোর মূল আকর্ষণ হতে চলেছে মণ্ডপসজ্জা। আধুনিকতার ছোঁয়ার পাশাপাশি গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা সংস্কৃতি, লোকজ জীবনযাত্রা ও ঐতিহ্যকে মণ্ডপের মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বল্প বাজেটের মধ্যেই এমন একটি থিম উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে, যা দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। শুধু পুজো আয়োজনেই সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়বদ্ধতার দিকটিও গুরুত্ব দিচ্ছে ব্লু লোটাস ক্লাব।
পুজোর দিনগুলিতে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ-সহ একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক কাজল সূত্রধর। ক্লাব সভাপতি নবেন্দু ভট্টাচার্য জানান, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আধুনিক ভাবনার মেলবন্ধন ঘটিয়েই এবারের পুজোকে সবার কাছে স্মরণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার মানুষের সহযোগিতা ও অংশগ্রহণে এই আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।






