খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 07:36 AM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ০৭:৩৬ পূর্বাহ্ণ

AIDSO Protest Agartala : উত্তরাখণ্ডে এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও ন্যায়ের দাবিতে তিপ্রা মথার সাংবাদিক সম্মেলন

AIDSO Protest Agartala
1 minute read

AIDSO Protest Agartala : তিপ্রা মথা দলের উদ্যোগে সোমবার আগরতলার চন্দ্র মহলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের অন্যতম নেতা রাজেশ্বর দেববর্মা, সি কে জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা উত্তরাখণ্ডে সংঘটিত এক মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানান।

তিপ্রা মথা নেতারা জানান, উত্তরাখণ্ডে পড়াশোনারত ত্রিপুরার যুবক এঞ্জেল চাকমার উপর নির্মম হামলার ঘটনা গোটা দেশের জন্য লজ্জাজনক। হামলার ফলে এঞ্জেল গুরুতরভাবে আহত হন এবং দীর্ঘ ১৪ দিনেরও বেশি সময় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত ডিসেম্বর মাসে তিনি প্রয়াত হন। এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক বলে উল্লেখ করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার মূল কারণ ছিল বর্ণবিদ্বেষমূলক (রেসিয়াল) মন্তব্য। স্থানীয় কিছু ব্যক্তি ‘চিঙ্কি’, ‘মঙ্কি’, ‘মোমো’ ইত্যাদি অবমাননাকর শব্দ ব্যবহার করে এঞ্জেলকে হেনস্থা করে। এঞ্জেল বারবার নিজেকে “আই অ্যাম ইন্ডিয়ান, আই অ্যাম নট চাইনিজ” বলে বোঝানোর চেষ্টা করলেও, তাতে কোনো কাজ হয়নি। এরপরই তাঁর উপর হামলা চালানো হয়, যার ফলে তিনি মারাত্মকভাবে আহত হন।

তিপ্রা মথা নেতৃত্ব অভিযোগ করেন, ঘটনার পর হাসপাতালে ভর্তি থাকার সময়েও পুলিশ প্রথমে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো মামলা রুজু করতে চায়নি। এমনকি পরিবারের সদস্য ও স্থানীয় ছাত্র সংগঠন ডিওয়াইএসএফ, ওয়াইটিএএফ এবং ডিআইএসএফ-এর পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও পুলিশ অনীহা প্রকাশ করে। পরে সাংসদ মহারানি প্রীতি দেবী সিং-এর হস্তক্ষেপে এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার পর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়।

নেতারা আরও অভিযোগ করেন, পরবর্তীতে উত্তরাখণ্ড পুলিশের এসএসপি একাধিক টিভি সাক্ষাৎকারে ঘটনাটিকে রেসিয়াল ইস্যু নয় বলে দাবি করে বিষয়টি লঘু করার চেষ্টা করেন, যা অত্যন্ত দুঃখজনক। তাঁদের মতে, উত্তর-পূর্ব ভারতের মানুষ আজও দেশের বিভিন্ন প্রান্তে পড়াশোনা ও কাজের ক্ষেত্রে বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন। এটি নতুন নয়—২০১৪ সালে অরুণাচল প্রদেশের এক যুবকের হত্যার ঘটনাও স্মরণ করানো হয়।

তিপ্রা মথা দল কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি জানায়, দেশের শিক্ষাব্যবস্থায় ভারতের বিভিন্ন জনজাতি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পাঠ্যক্রমে বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হোক। পাশাপাশি, এঞ্জেল চাকমার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানানো হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

সাংবাদিক সম্মেলনের শেষে তাদের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন, প্রশাসন ও সাংবাদিকদের ধন্যবাদ জানানো হয়, যাঁদের আন্দোলন ও সহযোগিতায় বিষয়টি জাতীয় স্তরে গুরুত্ব পেয়েছে।

For All Latest Updates

ভিডিও