Agartala Chaitra Sell : ত্রিপুরার আগরতলা শহরের চিলড্রেন্স পার্ক-এ অনুষ্ঠিত এবারের চৈত্র মেলায় মুখে হাসি নেই ছোট ও মাঝারি ব্যবসায়ীদের। অন্যান্য বছরের তুলনায় এবারের ব্যবসা কার্যত ধাক্কা খেয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের একাংশের।
ব্যবসায়ীদের দাবি, পূর্বে এই মেলা শকুন্তলা রোড এলাকায় বসত, যেখানে ক্রেতাদের ভিড় বেশি থাকত এবং বিক্রিও ভালো হতো। কিন্তু এবছর স্থান পরিবর্তন করে চিলড্রেন্স পার্ক এলাকায় মেলা বসানোয় ব্যবসায় মারাত্মক প্রভাব পড়েছে।
এক ব্যবসায়ী জানান, “গত বছর শকুন্তলায় আমাদের ব্যবসা খুব ভালো হয়েছিল। কিন্তু এখানে জায়গা অনেক বড় হওয়ায় লোকজন ছড়িয়ে পড়ছে, ফলে এক জায়গায় ভিড় জমছে না। দোকানও অনেক বেশি, তাই বিক্রি কমে গেছে।”
আরও এক ব্যবসায়ীর কথায়, অনেকেই ঋণ নিয়ে পণ্য কিনে মেলায় বসেছেন। বিশেষ করে কিছু ব্যবসায়ী আর্থিক সংস্থা বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু প্রত্যাশিত বিক্রি না হওয়ায় এখন লোকসানের মুখে পড়তে হচ্ছে।
তাদের বক্তব্য, “যে দামে মাল কিনেছি, এখন প্রায় সেই দামে বিক্রি করতে হচ্ছে। লাভ তো দূরের কথা, মূলধন ফেরত পাওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে।”
ব্যবসায়ীদের মতে, স্থান পরিবর্তনই এই অবস্থার মূল কারণ। বড় এলাকায় মেলা হওয়ায় ক্রেতাদের উপস্থিতি ছড়িয়ে পড়ছে এবং নির্দিষ্ট দোকানে ভিড় কমে যাচ্ছে।
সব মিলিয়ে এবারের চৈত্র মেলা ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে মেলার স্থান নির্বাচনে প্রশাসনের আরও ভাবনাচিন্তা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



